শেষের শুরু
It's never too late, right?

ছোটবেলা থেকে টেক্সটবুকের বাইরে আমি কখনো অন্য কোনো বই পড়তাম না। আমার মা-বাবা আর বোনকে দেখতাম বই পড়তে, কিন্তু কোনো এক কারণে বইয়ের প্রতি আমার কোনো আগ্রহ ছিল না। স্কুলে এক-দুই বছর বিশ্ব সাহিত্য কেন্দ্র এর সদস্য ছিলাম। প্রতি সপ্তাহে বই বদলে আনতাম ঠিকই, কিন্তু কখনো সেগুলো খুলেও দেখতাম না। এভাবেই স্কুল-কলেজ কাটলো।
ইউনিভার্সিটিতে ওঠার পর শুরু হলো তীব্র ইনসমনিয়া। রাতে কোনোভাবেই ঘুম আসে না। এই সময়টাতে আসলে কিছু করতেও ইচ্ছা করতো না। মুভি দেখতে ইচ্ছা করতো না, প্রোডাক্টিভ কোনো কাজও করতে ইচ্ছা করতো না। কী মনে করে বছর খানেক আগে ভাবলাম, ঘুমানোর আগে স্ক্রিন টাইমটা একটু কমিয়ে বই পড়া শুরু করি। কিন্তু বই নিয়ে তো কখনো সেভাবে কোনো ধারণাই ছিল না। তাই শুরুতে কিছু বন্ধু-বান্ধবের কাছে সাজেশন নিতাম।
এভাবে কয়েকটা বই পড়া শুরু করার পর দেখলাম, ব্যাপারটা বেশ ভালোই লাগে। এরপর বই খোঁজা, বই কিনতে যাওয়া, বই সংগ্রহ করা - এই পুরো প্রক্রিয়াটাই ভালো লাগতে শুরু করলো। একেকবার একেক জায়গা থেকে বই কিনি। কখনো বইমেলা থেকে, কখনো নীলক্ষেত, বাংলাবাজার, বাতিঘর, বেঙ্গল বই, পাঠক সমাবেশ থেকে।
এক বছরে খুব বেশি বই পড়তে পারিনি। কিন্তু এখন বই পড়তে যতটা ভালো লাগে, তার চেয়েও বেশি ভালো লাগে একা একা ঘুরে বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করার ব্যাপারটা।
আমার মতো এই বয়সে না এসে এগুলো হয়তো মানুষ স্কুলজীবনে পড়ে ফেলে! Anyway, it's never too late, right?
In photographs